পারভেজ মোশাররফের ফাঁসির রায় বাতিল

সম্প্রতি পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির একটি বিশেষ আদালত। আর এবার সেই মৃত্যুদণ্ডের রায় লাহোর হাইকোর্টে বাতিল হয়ে গেছে।

সেই সঙ্গে আদালত জানিয়েছেন, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধানসম্মত হয়নি।

পারভেজ মোশাররফের এক আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি। আজ সোমবার এই রায় দেন হাইকোর্ট।

এই রায়ের পর মোশাররফের এক আইনজীবী বলেন, এই রায় পর থেকেই মোশাররফ মুক্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০০৭ সালের নভেম্বর মাসে জরুরি অবস্থা জারির জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন।

২০১৩ সাল থেকে এই মামলা পড়ে ছিল। এই মামলায় গত ৫ ডিসেম্বর মোশাররফকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল লাহোরের বিশেষ আদালত। পরে মোশাররফের ফাঁসি রায় ঘোষণা করা হয় ডিসেম্বর মাসেই। আর এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর