ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১৩ জানুয়ারি) আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ন্যাচারাল গার্মেন্টস সংলগ্ন এলাকা এবং পূর্ব নরসিংহপুর এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ৩ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৩ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহকারীর প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।
অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ন্যাচারাল গার্মেন্টস সংলগ্ন এলাকা এবং পূর্ব নরসিংহপুর এলাকায় আনুমানিক ৩ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করে অবৈধ সংযোগ প্রদান করেছে। এতে আনুমানিক প্রায় ৩ হাজার বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান, যারা এসব অবৈধ সংযোগ গ্রহন করেছে
তাদের বিরুদ্ধে গ্যাস আইনে সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করবে। এজন্য সকল বাড়ীওয়ালাদের উচিত অবৈধভাবে এরকম ঝুঁকি নিয়ে গ্যাস সংযোগ গ্রহন না করা। এরপরও যদি তারা এরকম করে তবে তাদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলো।