সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সরস্বতী পূজার কারণে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পেছানোর জন্য রিট আবেদনটি করা হয়েছিল।

এ বিষয়ে সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুরুসসাদিক। পরে আইনজীবীরা আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

তিনি বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য সিটি নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়।

এর আগে রোববার (১২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। আজ অপর বেঞ্চে মামলাটি শুনানি করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর