দিনাজপুরের সদর উপজেলার পল্লীতে গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ডিবির ১ সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার সময় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ২ মাদক ব্যবসায়ী হলেন সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কাশেম কাইশা (৩০) ও রহমত আলী (৩২)। এদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় ১৭ থেকে ১৮টি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এসময় গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহলদল রামসাগর তাজপুর সরকারপাড়ায় রাস্তার পাশে অবস্থান নেয়।
একইসময় ১০ থেকে ১২ জনের মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দল ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় ডিবি পুলিশ তাদের থামতে বললে তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ডিবির এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। পরে ডিবিও পাল্টা গুলি বর্ষণ করে।
গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবুল কাশেম কাইশা (৩০) ও রহমত আলী (৩২) এর লাশ উদ্ধার করে।
বর্তমানে নিহত ২ মাদক ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর