ডাক্তারদের সমস্যা তারা সময় নিয়ে রোগী দেখেন না : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আমাদের দেশের ডাক্তারদের সমস্যা তারা সময় নিয়ে রোগী দেখেন না। ভারত, সিঙ্গাপুর বা ইউরোপের ডাক্তারা সময় নিয়ে রোগী দেখেন। দেশের ডাক্তাররা ২ থেকে ৫ মিনিট সময় ব্যয় করে রোগী দেখেন। অথচ ইউরোপের বা লন্ডনের ডাক্তারা ঘণ্টা নিয়ে রোগীদের দেখেন। আমাদের ডাক্তারদের সময়ের অভাব। আমি বলব, আপনারা সময় নিয়ে রোগীদের দেখবেন। তাহলেই রোগীর রোগনির্ণয় সম্ভবপর হবে।

রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অন্ত:বিভাগ ও জরুরী বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন মন্ত্রী বলেন, আপনারা রোগীদের সাথে কথা বললে তারা শান্তি পাবে। আপনাদের মুখের কথায় সে অনেকটা সেবা পেয়ে যায়। আপনারা চেষ্টা করবেন রোগীদের সাথে ভালভাবে কথা বলতে। যদিও আপনারা সেভাবে সময় দিতে চাননা।

সরকারি হাসপাতালের ডাক্তাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ভারতের ডাক্তাররা রোগীদের সাথে যে ব্যবহার করেন বা কথা বলেন রোগীরা তাদের কথায় ভালো হয়ে যান। আপনারাও সেভাবে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করবেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে ও ডা. ইমরান হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়, সিভিল সার্জন ডা. শাহাজাহান কবির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, নির্বাহি কর্মকর্তা অসীম চন্দ্র বণিক ও পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস।

মন্ত্রী আরও বলেন, ডাক্তারদের আরেকটি সমস্যা তারা রোগীদের যথেচ্ছারভাবে টেস্ট দেন। এই সমস্যা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার রোগীর চিকিৎসা পত্রে কি লিখল সেটার ছবি রিপ্রেজেন্টিভরা তুলেন। এটা বন্ধ করতে হবে। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের সাথে সরকারি ডাক্তারদের সম্পর্ক থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিত শর্মা, বিআরডিবি চেয়ারম্যান এম এ সালামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর