ইবির বঙ্গবন্ধু পরিষদে ভাঙ্গন : নাম প্রত্যাহার চায় নতুন কমিটির একাধিক সদস্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদে নতুন কমিটি হতে না হতেই দেখা দিয়েছে ভাঙ্গন। নব কমিটিতে সদস্য পদে রাখা কয়েকজন শিক্ষক তাদের নাম প্রত্যাহার চেয়ে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও মুজিব বর্ষ পালনের আশাবাদ ব্যক্ত করেছেন।

সদ্য গঠিত কমিটির সদস্য ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ড. তপন কুমার জোদ্দার, ড. আহসান উল আম্বিয়া এবং ড. বাকি বিল্লাহ বিকুল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়,

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করে দিয়েছেন মর্মে কিছু শিক্ষক কর্মকর্তা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। প্রত্যেকের আদর্শিক কর্মকাণ্ড পালনের অধিকার যেমন আছে, ঠিক তেমনি অন্যের মতামতকে শ্রদ্ধা জানানো একটি ভদ্রতা। গত ১১ই জানুয়ারি তারিখে তারা নিম্নস্বাক্ষরকারীরা বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মর্মে একটি পত্র পেয়েছেন যাহা তাদেরকে বিস্মিত ও বিব্রত করেছে’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে উদ্ভিদ ও প্রগতিশীল ও মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে সেটি আমরা কখনো লালন করি না। কেননা বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। কাজেই অগণতান্ত্রিক পন্থায় নেতা হওয়ার চেয়ে একজন কর্মী হিসেবে তারা তাঁর আদর্শ বাস্তবায়ন করতে চান।

ঐ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠনত্তর জাতীয় স্থানীয় কিছু পত্রিকায় যে বিবৃতি প্রকাশিত হয়েছে তা দেখে তারা মর্মাহত। একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও মুজিব বর্ষ পালনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

জানা গেছে, বিজ্ঞপ্তিতে সাক্ষরকৃত চারজন শিক্ষককে কেন্দ্র থেকে আনা বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে। তাদের দাবী সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নেতৃত্ব চায় তারা। সেজন্য কেন্দ্র থেকে নিয়ে আসা এমন কমিটিতে তারা থাকতে চায় না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, কেন্দ্র থেকে নিয়ে আসা কমিটিতে ৭৩ জন শিক্ষকের নাম রয়েছে। আজ রবিবার নব কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে কমিটিতে থাকা ৭৩ জন শিক্ষকের মধ্যে মাত্র ২০-২৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আরো জানা যায়, এর আগে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে গত ০৬ ডিসেম্বর। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক ইবির নতুন কমিটির অনুমোদন দেন। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ কমিটি ঘোষণার পরপরই বঙ্গবন্ধুর আদর্শের অন্যান্য শিক্ষকদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। যার ফলে গত ৮ ডিসেম্বর ইবি বঙ্গবন্ধু পরিষদের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহ এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া পেশাজীবী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে আরো বেশি ঐক্যবদ্ধ করার প্রয়াসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দু’গ্রুপের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর মুর‍্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর