কক্সবাজারের পালংখালীতে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতের ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকে এঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত ১ রোহিঙ্গাকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মৃত আবু আহাম্মদের ছেলে জাকির হোসেন (৩৪)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, জাকির হোসেন তার ঘর সংলগ্ন এলাকা জামতলী রোহিঙ্গা শিবিবিরে ছোট দোকান ব্যবসা করতো। রোহিঙ্গা কর্তৃক প্রতিদিন দোকানের আশপাশে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে প্রায় সময় রোহিঙ্গাদের সাথে জাকিরের বাকবিতন্ডা হতো। শুক্রবার (১০জানুয়ারী) ময়লা ফেলার বিষয়ে তর্কের সূত্র ধরে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে চলে যায়। পরে আত্মীয় স্বজন এসে জাকিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবিরে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখানকার ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১২ জানুয়ারী) দুপুর ১ টার দিকে মারা যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর জানান- এ ঘটনায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সলিম উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস