চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন কাল, ইসি’র প্রস্তুতি সম্পন্ন

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সফল করতে সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচন কমিশন।

আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) নির্বাচনী এলাকাধীন মোট ১৭০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ কার্য্যক্রম।

চট্টগ্রাম-৮ আসনের ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটারদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দানের জন্য আজ রবিবার (১২ জানুয়ারী) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ও বোয়ালখালী উপজেলা থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচন পরিস্থিতি মনিটরিংয়ের জন্য এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া সকল নির্বাচনী কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইভিএম পদ্ধতি নিয়ে বিএনপি প্রার্থী সহ ভোটারদের মধ্যে অনাস্থা ও আতঙ্ক বিরাজ করলেও নির্বাচন কমিশনের দাবি ইভিএম পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন হবে। কোন প্রকার দুর্নীতি ও কারচুপির কোন সম্ভাবনা নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। শুধু তাই নয় ১৭০টি কেন্দ্রের মধ্যে ৫৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হলেও তিনি বলেন, কোথাও কোনরূপ জালিয়াতি ও বিশৃঙ্খলার ঝুঁকি নেই। সকল প্রকার বিশৃঙ্খলা ও জালিয়াতি নিরসনে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসন মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে বোয়ালখালী উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৪ হাজার। আর শহরে ভোটার সংখ্যা ৩ লাখ ১১হাজার ৯৮৮জন।

নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আওয়ামীলীগের মোছলেম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ান। এছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ এমদাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর