রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে রাজীবকে।
৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করেন মামুনুর রশীদ চৌধুরী। মামলায় তার বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আফতাব উদ্দিন সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র্যাব। ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।
এর পরেই রাজধানীর ভাটারা থানা রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র্যাব। বর্তমানে কাউন্সিলর রাজীব কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
বার্তাবাজার/এমকে