তীব্র শীতে উষ্ণতা ছড়াচ্ছে সিটি নির্বাচন

তীব্র শীতে মহানগরে উষ্ণতা ছড়াচ্ছে ভোটের প্রচারণা। ঢাকার দুই সিটিতে গতকাল সকাল থেকেই সমাবেশ ও পথসভায় অংশ নেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তারা, ভোট চান মানুষের কাছে।

প্রতীক বরাদ্দের পরদিন শনিবার সকাল থেকেই ভোট চাইতে মাঠে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা।
সকালে সমর্থকদের নিয়ে ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। মেয়র নির্বাচিত হলে পুরান ঢাকার উন্নয়নের কাজে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দেন তাপস।

তাপস বলেন, এ ঐতিহ্যের ঢাকাকে আমরা পুনরুজ্জীবিত করব। যে ঢাকা এখন অচল হয়ে গেছে সেই ঢাকাকে আমরা সচল করব। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভা করেন দক্ষিণে আওয়ামী লীগের এ মেয়রপ্রার্থী।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মিরপুরের শাহ আলী মাজারে দোয়ার মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় সমর্থকদের সঙ্গে নিয়ে পথসভা করেন তিনি। এবার নির্বাচিত হলে আধুনিক ঢাকা গড়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলেও কথা দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আমি নয় মাসে যে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, আমি ইনশাল্লাহ যদি জয়যুক্ত হতে পারি, আগামী পাঁচ বছরে ঢাকাকে একটি সচল, জলমুক্ত, একটি যানমুক্ত করতে পারব ইনশাল্লাহ।

দিন রাতে ভোটারদের কাছে সমর্থন প্রত্যাশায় প্রচারণার উষ্ণতা এখন নগরজুড়ে। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর