চুয়াডাঙ্গায় বেড়েছে আলুর আবাদ: দাম নিয়ে শঙ্কায় চাষিরা

চলতি মরসুমে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেড়েছে আলুর আবাদ। গত বছর আলুর ভালো দাম ও অধিক ফলন পাওয়ায় এবার দ্বিগুন আলুর আবাদ করেছেন চাষিরা। তবে, আলুর দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলু চাষিরা।

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত মরসুমে জেলার দামুড়হুদা উপজেলায় আলু আবাদ হয়েছিলো ২শ ৩৬ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩শ ৬২ হেক্টর জমিতে। গত মরসুমে আলুর ভালো দাম পাওয়ায় লাভবান হয়েছেন চাষিরা। চলতি বছর আলুর দাম ভালো থাকায় এবারও চাষিরা লাভের আশায় আলু আবাদ করেছেন প্রায় দ্বিগুন।

দামুড়হদা উপজেলার চাষী লোকমান জানান, গত আলু চাষে ভালো লাভবান হয়েছি। এবার ভালো ফলন পাবো বলে আশা করলেও দাম নিয়ে আশঙ্কায় আছি এ বছর। তবে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন পাবো বলেও আশা করছি।

দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের চাষী ইসমাইল জানান, চলতি মরসুমে বারো একর জমিতে ডায়মন্ড ও কার্ডিনাল জাতের আলু আবাদ করেছি। বিঘা প্রতি জমিতে আলু আবাদে খরচ হয় ২০ হাজার টাকা। আশা করছি এ মরসুমেও আলুর ভালো ফলন পাবো।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলায় গত বারের থেকে চলতি মরসুমে আলুর আবাদ বেশি হয়েছে। এ মরসুমে চাষিরা কার্ডিনাল ও ডায়মন্ড জাতের আলু চাষ করেছে। আলু চাষিরা যাতে ভালো ফলন পাই সেজন্য উপজেলা কৃষি বিভাগ থেকে সব রকম সহায়তা ও পরামর্শ দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর