নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক মজরউদ্দিন (৪৫) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার পুর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের পরশি এলাকার সবজি বাগান থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।
অটোরিকশা চালক মজরউদ্দিন উপজেলার বাগবেড় টিনর এলাকার আপতুর উদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আহাম্মেদ জানান, সকালে পুর্বাচল উপশহরের ২নং সেক্টরের ১নং প্লটের সবজি বাগানে অটোরিকশা চালক মজরউদ্দিনের হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই এসআই আরো জানান, মজর দ্দিনের মাথার পেছনের অংশে আঘাত রয়েছে। এছাড়া হাত-পা ও মুখ বাঁধা ছিলো। ধারনা করা হচ্ছে মজরউদ্দিনকে দুর্বৃত্তরা হাত-পা মুখ বেঁধে শ^াসরোধে ও মাথায় আঘাত করে হত্যার পর তার ব্যাটারিত চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, মজরউদ্দিন দীর্ঘ দিন ধরেই ব্যাটারিত চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার পরিবারে শাহিন নামে এক ছেলে খুকি, মরজিনা, কুলসুম নামে তিন মেয়ে ও পারভিন নামের স্ত্রী রয়েছে। বেশ কয়েক দিন আগে পুরাতন অটোরিকশা বিক্রি করে আরেকটি নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে মজরউদ্দিন।
ওই অটোরিকশা নিয়ে বের হয়ে গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিখোঁজ হয় মজরউদ্দিন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। আত্নীয় স্বজনদের বাড়িতে খোজখবর নিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা দিয়েও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, পুর্বাচল এলাকায় একের পর এক হত্যাকান্ড ও লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নির্জন এলাকা হওয়ায় একের পর এক অপরাধমুলক কর্মকান্ড ঘটলেও আইনশৃংখলা বাহিনী তা নির্মুল করতে পারছেনা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোন মূল্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার /এইচ.আর