খাজনার টাকা কম দেওয়ায় সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাজনার টাকা কম দেওয়ায় নুরুল ইসলাম (৬৫) নামের একজন সবজি বিক্রেতাকে ভাটারা বাজারের ইজারাদার বেলাল ও তার ভাই হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে প্রকাশ্য এ ঘটনা ঘটে। নিহত সবজি বিক্রেতা জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নুরুল ইসলাম আজ শুক্রবার সকালে চার মণ আলু বিক্রি করতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে যান।

এ সময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আব্দুল কাদের জিলানীর দুই ছেলে বাজারের ইজারাদার বেলাল হোসেন ও লাভলু তার কাছে খাজনা চান। নুরুল ইসলাম ১০ টাকা খাজনা দিতে চাইলে টাকা কম হয়েছে বলে ইজারাদার বেলাল হোসেন তাকে ধমকাতে থাকেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইজারাদার দুই ভাই মিলে তাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় নুরুল ইসলাম উঠে দাঁড়ালে তাকে আবারো গলা ধরে পাশের দেওয়ালে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর থেকে হাটের ইজারাদার বেলাল ও তার ভাই লাভলু গ্রাম ছেড়ে পালিয়েছে। এই ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় গিয়ে গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান কালের কণ্ঠকে বলেন, নিহত নুরুল ইসলামে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাল শনিবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর মর্গে পাঠানো হবে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা দায়ের করেনি। মামলা দায়ের হলে আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর