ইজতেমায় নামাজ পড়তে গিয়ে মেয়ের মৃত্যু, হাসপাতালে বাবা

টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমায় আট বছর বয়সী মেয়ে ফারজানা আক্তারকে নিয়ে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন গাজীপুরের জামিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।

নামাজ শেষে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে তিনি আসছিলেন রাজধানীর ফার্মগেটে। কিন্তু পথে একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই পড়ে যায় ফারজানা। রক্তাক্ত শিশুটি ঘটনাস্থলেই মারা যায় আর মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন মিজানুর রহমান।

শুক্রবার বিকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও থানার সামনের সড়কে। পুলিশ এরই মধ্যে দেওয়ান পরিবহনের ঘাতক বাসটি জব্দসহ এর চালক জুয়েল রানাকে আটক করেছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মিজানুর রহমানও চিকিৎসাধীন রয়েছেন ওই হাসপাতালে। ঘটনার প্রত্যক্ষদর্শী একটি শো রুমের কর্মকর্তা শাহীন ইয়াসির সাকিব জানান, মোটরসাইকেলের চালক সড়কের ডান পাশ দিয়ে যাচ্ছিলেন; পেছনেই ছিল বাসটি।

হঠাৎ করে মোটরসাইকেল চালক লেন পরিবর্তন করতে গেলে বাসের সঙ্গে ধাক্কা লেগে তারা পড়ে যান। এ সময় বাসের পেছনের ডান পাশের চাকা শিশুটির মাথা পিষ্ট করে চলে যায়।

তেজগাঁও থানার এসআই আলী হোসেন জানান, ইজতেমায় জুমার নামাজ শেষে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ফার্মগেট আসছিলেন মিজানুর রহমান। বিকাল ৪টার দিকে তারা বিজয় সরণি সিগন্যালে আটকা পড়েন।

সিগন্যাল ছাড়লে ফার্মগেট যাওয়ার পথে দেওয়ান পরিবহনের একটি বাস তাদের মোটরসাইলকে ধাক্কা দেয়। এতে মিজানুর রহমান ও শিশু ফারজানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। আহত শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। মিজানুর রহমানের গ্রামের বাড়ি ভোলা। শিশুটির বাবা আহত হলেও এখন আশঙ্কামুক্ত।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর