ভারতীয় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ নিজামী আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়েছে। তার জন্মদিন পালনে থানার ভেতরে হয়েছে ঝাঁকজমক অনুষ্ঠান। কোনো কিছু কমতি ছিল না পুরো অনুষ্ঠান জুড়ে।
তবে মাইক লাগিয়ে গানবাজনা অনুষ্ঠান করার কারণে তা আখাউড়া উপজেলা সদরের সবার কানে পৌঁছেছে ঠিকমত। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেনি। তবে মাইকের শব্দে স্থানীয়রা জানতে পারেন, ওসি রসূল আহমেদ নিজামী জন্মদিন পালন করা হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ নিজামী জন্মদিন। এদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলে জন্মদিনের এই নানান আয়োজন। শুরুতে ওসি রসূল আহমেদ নিজামীকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে কেক কাটার পর আখাউড়া থানা ভবনের দ্বিতীয় তলায় শুরু হয় আনুষ্ঠানিক ভাবে গান-বাজনা ও নৃত্য অনুষ্ঠান।
এতে অংশ নেন কয়েকশত তার নিমন্ত্রিত অতিথি। এরপর সব অতিথিকে বিরিয়ানী দিয়ে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগ সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইঁয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল (এ্যারো বাবুল), যুবলীগ নেতা মুক্তা হোসেন ফয়সাল।
স্থানীয় সূত্র জানান, জন্মদিন পালনে এই অনুষ্ঠানে ভারতীয় সীমান্তবর্তী আখাউড়া এলাকার চিহ্নিত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিকে আখাউড়া থানা ভবনে ওসি রসূল আহমেদ নিজামী এই জন্মদিন আয়োজনকে ঘিরে সমালোচনা ও আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন দায়িত্বশীল কর্মকর্তা এইভাবে জন্মদিন পালন করতে পারেস কি-না।
এই ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমেদ নিজামী শুক্রবার সন্ধ্যায় জানান, তিনি একটি অনুষ্ঠানে আছেন, পরে কথা বলবেন।-যুগান্তর