জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের দু’গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে গত ০৬ ডিসেম্বর। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক এ কমিটির অনুমোদন দেন। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ কমিটি ঘোষণার পরপরই বঙ্গবন্ধুর আদর্শের অন্যান্য শিক্ষকদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। যার ফলে গত ৮ ডিসেম্বর ইবি বঙ্গবন্ধু পরিষদের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহ এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া পেশাজীবী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে আরো বেশি ঐক্যবদ্ধ করার প্রয়াসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের মোট ১৬৭ জন শিক্ষক-কর্মকর্তার উপস্থিতিতে বঙ্গবন্ধু পরিষদকে ঐক্যবদ্ধ করার লক্ষে সর্বসম্মতিক্রমে চার দফা সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহ হলো-বর্তমান সরকারের মেয়াদকালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু পরিষদের সদস্য পদ প্রদান। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে কলেবর বৃদ্ধি পাওয়ায় তাদের পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে শিক্ষক ইউনিট ও কর্মকর্তা ইউনিটকে আলাদাকরণ করা।
ক্যাম্পাসে বর্তমান উদ্ভুত পরিস্থিতি নিরসন ও মুজিববর্ষ ঐক্যবদ্ধভাবে পালনের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম অনু ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড.শাহিনুর রহমানকে কমিশনের সদস্য করা হয়েছে।
এ ছাড়া গঠিত নির্বাচন কমিশনকে আগামী ১ মাসের মধ্যে বিবাদমান দু’গ্রুপের সাথে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু পরিষদ কমিটি গঠনসহ যেকোন ধরনের জটিল পরিস্থিতি এড়ানোর লক্ষে নতুন কমিটি গঠনের পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদের যে কোন কর্মসূচী গঠিত কমিশনের মাধ্যমে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের এ সকল সিদ্ধান্তের উপর কেন্দ্র করে এবং ক্যাম্পাসে বর্তমান উদ্ভুত পরিস্থিতি নিরসন ও মুজিববর্ষ ঐক্যবদ্ধভাবে পালনের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্বে তারা মৃত্যুঞ্জয়ী মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের নব কমিটির সভাপতি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন এর নেতৃত্বে মৃত্যুঞ্জয়ী মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস