বাংলাদেশে তৈরি আরো দুটি বড় কার্গো জাহাজ ভারতে রপ্তানি করা হলো। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় ওয়েস্টার্ন ক্রুজ জাহাজস্থ বোট ক্লাবে বাংলাদেশ থেকে ভারতে জেএসডব্লিউ লোহগড় ও সিংহগড় জাহাজ প্রেরণ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস ২০০ কোটি টাকায় বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিনকে মোট ৪টি জাহাজ তৈরীর কার্যাদেশ দেয়। এর মধ্যে প্রথম জেএসডব্লিউ রাইগাড় ও জেএসডব্লিউ প্রতাপগড় নামে ২ টি জাহাজ ২০১৭ সালের অক্টোবর মাসে হস্তান্তর করা হয়। আর আজ (শুক্রবার) ১০ জানুয়ারী ‘জেএসডব্লিউ সিংহগড়’ ও ‘জেএসডব্লিউ লোহগড়’ নামের বাকি দুটি জাহাজ চট্টগ্রাম হতে জিন্দাল স্টিল ওয়ার্কসের নিকট হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন।
তিনি আরো জানান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত ৮ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতা সম্পন্ন ‘জেএসডব্লিউ সিংহগড়’ ও ‘জেএসডব্লিউ লোহগড়’ নামের জাহাজগুলো মুম্বাই ও গোয়ার মধ্যবর্তী জয়গড় বন্দর থেকে মহারাষ্ট্রের ধরমতার বন্দরে খনিজ লোহা ও কয়লা পরিবহনের কাজে ব্যবহার করা হবে।
প্রতিটি জাহাজ ১৩৩০ কিলোওয়াট ও ৯০০ আরপিএমের দু’টি ইয়ানমার মেরিন ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে। যা শতভাগ লোডেড অবস্থায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।
জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ, রিয়ার এ্যাডমিরাল আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান সহ প্রমুখ।
বার্তা বাজার/এইচ.আর