নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন ও দন্তহীন বাঘ: ইশরাক

নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন ও নখদন্তহীন বাঘ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, গত তিনদিন আগে ইসিতে লিখিতভাবে অভিযোগ দিয়েছি, আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে। ইসি কোনো পদক্ষেপ নেয়নি, কালবিলম্ব করছে। তাদের অবস্থা আমরা বুঝি। তাদের সেই ক্ষমতা নেই। এনিয়ে আমরা বিচলিত নই, পরোয়া করি না। আমরা আচরণবিধি মেনে চলছি।

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের ইসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, এসব মিডিয়ায় কথা বলার অজুহাত। তারা প্রচারণা করছেন, ঘরোয়া বৈঠকেও অংশ নিচ্ছেন। আমাদের কাছে সব তথ্য আছে। আমরা তো এক শহরে বাস করি, ভিনগ্রহে বাস করি না।

বাবার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, বাবা (সাদেক হোসেন খোকা) বেঁচে থাকলে নিশ্চয়ই আমার জন্য গর্ববোধ করতেন। তিনি ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন। ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সেই প্রতীক নিয়ে আমি মেয়র পদে নির্বাচন করছি। এই প্রতীকে পাস করে দলের প্রত্যাশা পূরণ করবো। আমার বাবা, দেশবাসী ও আমার জন্য দোয়া করবেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই এবার ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হবে।

আজ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ থেকেই নির্বাচনী প্রচার শুরু।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর