মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইন্টার ফিয়েস্টা’। শুক্রবার (১০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে হবে এই শীতকালীন উৎসব।
উইন্টার ফিয়েস্টাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিদ্যালয় ক্যাম্পাসে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোকসজ্জাসহ রঙিন সাজে সেজেছে বিদ্যালয়। প্রস্তুতিপর্বে আয়োজকরা ছাড়াও জড়ো হয়েছেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রচন্ড শীতের রাতে চলছিলো খিঁচুড়িভোজ।
অনুষ্ঠানের আহ্বায়ক শাহরিয়ার উদ্দিন জানান, প্রায় দেড় হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এখন সফলভাবে উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।
শুক্রবার এই উৎসবের উদ্দেশ্যে একদল ভলান্টিয়ার এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ব্যস্ত সময় কাটাচ্ছেন স্কুল প্রাঙ্গনে। সবাইকেই দেখা যাচ্ছে কোনো না কোনো কাজে একে অন্যকে সহায়তা করতে।
নানারকম রঙিন আলোয় সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙন। শুক্রবার দেশের বিখ্যাত ব্যান্ড ‘জলের গান’ মৌলভীবাজার আসবে এই উৎসব মাতাতে। প্রাক্তন ছাত্রদের জন্য তৈরি হয়েছে বিদ্যালয়ের লোগো সম্বলিত হুডি। এছাড়াও কালচারাল নাইট, বনফায়ার, ডিনার ছাড়াও ফটোশুট এবং বিভিন্ন সারপ্রাইজ গিফটেরও আয়োজন রয়েছে।
শাহরিয়ার উদ্দিন বলেন, স্কুলজীবনের স্মৃতি পুণরায় জাগ্রত করতে এই আয়োজন। মূলত আমরা একদিকে শীতকে উদযাপন করতে চাই। আবার অন্যদিকে শীতের আড়ষ্টতা কাটিয়ে বসন্তের উষ্ণতা ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মিলে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
দুপুর ২টায় এই উইন্টার ফিয়েস্টার গেইট উন্মুক্ত করে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে সারাদিন। রাতে কালচারাল নাইটে ‘জলের গান’ এর মন মাতানো গানের পর ডিনারের মাধ্যমে শেষ হবে উইন্টার ফিয়েস্টা।
বার্তা বাজার/এইচ.আর