ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে স্বপন হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার সময় নিজের বাড়ির সামনে তাঁকে কুপিয়ে হত্যা করা হয় এ সময় তাঁর ভাই ও মা আহত হন।

নিহত স্বপন মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করেই পাঁচ-সাত জনের একটি দল এসে কুপিয়ে জখম করে স্বপনকে। তাঁর চিৎকার শুনে ঠেকাতে গেলে স্বপনের ছোট ভাই ও মায়ের ওপরও হামলা হয়। হামলায় ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। আহত হন তাঁর ভাই মিল্টন হোসেন ও মা কাবিরন নেছা। এর মধ্যে মিল্টন হোসেনের অবস্থা গুরুতর। কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন জানিয়েছেন, স্বপন হোসেনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আহত মিল্টন হোসেনকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। স্বপনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানিয়েছেন, ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর