আশুলিয়ায় পোশাক শ্রমিকের আত্মহত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় গলায় ফাঁস দিয়ে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।

নিহত সম্রাটের গ্রামের বাড়ি পাবনা জেলায় এবং তিনি আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর এলাকার জনৈক ইমরানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশীরা আত্মহত্যাকারী যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, কাঠগড়া দূর্গাপুর এলাকায় ইমরানের বাড়ির ভাড়াটিয়া সম্রাট নামের পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ আজ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর