ড. ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা

গ্রামীণ কমিউকেশনসের চেয়ারম্যান হিসেবে শ্রম আইন না মানায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করায় ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী এ মামলা করেন তিনি।

তিনি জানান, এ মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিনজনকে বিবাদী করা হয়েছে। আগামী রোববার আদালত এ মামলার বিষয়ে আদেশ দেবেন বলে জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার অন্য বিবাদীরা হলেন- গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।

জানা গেছে, মামলার বাদী তরিকুল ইসলাম ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান। প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে তিনি সেখানে ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান।

গত বছরের ৩০ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বেশকিছু ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন। এরপর ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরে ২৮ অক্টোবর তরিকুল ইসলাম আবারও তা অবহিত করেন।

নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা ফের সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি। এরপরই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর