ক্রিকেটারদের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিবি

২০২০ সালে ক্রিকেটারদের নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিবি। নিষেধাজ্ঞার কারণে বিসিবি’র ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অবসর নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

রোববারের বোর্ডসভায়, তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব করবে ক্রিকেট পরিচালনা বিভাগ। গেলো বছরের পারফরম্যান্সের ভিত্তিকে চুক্তিতে বাড়তে পারে খেলোয়াড়ের সংখ্যা।

নিষিদ্ধ সাকিব। এ বছরের ২৯ অক্টোবরের পর ফিরতে পারবেন মাঠে। যেহেতু দেশের হয়ে খেলতে পারছেন না বছরের ১০ মাস। তাই কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতবছরের চুক্তিতে সর্বোচ্চ বেতন পাওয়া এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন সাকিব।

সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেন নি। এ বছরও খুব বেশি ওয়ানডে নেই। অবসর নিয়ে বোর্ডকে কোনো সিদ্ধান্ত জানাননি ম্যাশ। তাই বিষয়টা সম্পূর্ণ তার উপর ছেড়ে দিচ্ছে বিসিবি। এ বছরের চুক্তিতেও রাখা হচ্ছে তাকে। তবে শুধু ওয়ানডে খেলা মাশরাফী কোন ক্যাটাগরিতে থাকবেন সেটাও দেখার বিষয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, সেই সঠিক ব্যক্তি দায়িত্ব নেওয়ার। সেহেতু আমরা আছি সেও থাকবে।

টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বহু প্রস্তাবনা এসেছে। তার মধ্যে বেতনভাতা বাড়ানোর ব্যাপারে সবাই গুরুত্ব দিয়েছেন। রোববারের বোর্ডসভায় যারা নিয়মিত টেস্ট খেলেন তাদের চুক্তিতে রাখা ও বেতন বাড়ানোর প্রস্তাব করবে ক্রিকেট পরিচালনা বিভাগ।

আকরাম খান বলেন, যারা তিনটা ফরমেট খেলছে। আমার মনে হয় ওদের প্রাপ্যটা পাওয়া উচিত। যারা একটা দুইটা ফরমেটে তাদের নিয়েও আমরা পরিকল্পনা করেছি। দেখি এখন কি করা যায়।

গেলো বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৭ জন। এবারে সংখ্যাটা হতে পারে ২০ জনে। পারফরম্যান্সের ভিত্তিতে এবার কেউ কেউ বাদ পড়বেন। আবার কেউ অন্তর্ভুক্ত হবেন। গেলো বছর টি-টোয়েন্টিতে নজর কাড়া আফিফ হোসেন ও নাঈম শেখকে রাখা হতে পারে রুকি ক্যাটাগরিতে। টেস্ট ক্রিকেটে উন্নতির ব্যাপারটা মাথায় রেখে সাদমান, ইবাদতরাও আসতে পারেন এবছরের চুক্তিতে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর