সাভার ও গাজীপুরে র‍্যাবের অভিযান, জরিমানা

ঢাকার সাভারে র‍্যাব-৪ এর আভিযানিক দল এবং গাজীপুরে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের দুই পৃথক অভিযান সম্পন্ন হয়েছে। অভিযানে সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে দুইটি বেকারীকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

এসময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক করা হয় ও জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য। আটকেরা হলেন- বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)।

ছবি- বার্তা বাজার

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনব্যাপী আশুলিয়ার বগাবাড়ি বাজার ও ইউনিক এলাকার দুটি বেকারীতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। অভিযান চলাকালে এসময় র‌্যাব-৪ (সিপিসি-২) নবীনগর শাখার কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি- বার্তা বাজার

এ ব্যাপারে, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারী ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারী নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

ছবি- বার্তা বাজার

আজ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে বেকারী দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আল আমিন বেকারীকে ৫ লাখ ও মালিক ভরসা বেকারীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের বেকারী পণ্য। তবে জরিমানার ৫ লাখ টাকা পরিশোধ করতে না পারায় আল আমিন বেকারীর দুই জনকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী বাজার সংলগ্ন গাজীপুরের কাশিমপুর থানার গোলাম নবী সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৭ প্রতারককে আটক সহ প্রতারণার শিকার ৪২ জনকে উদ্ধার করে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

আটকরা হলেন, নিলফামারী জেলার সৈয়দপুর থানার কিসামত ডাঙ্গী গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৭), পিরোজপুর জেলোর সরুপকাঠী থানার কামার কাঠী গ্রামের অরুন দাসের ছেলে নীল রতন দাস (২৩), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার সিতাইকুন্ড গ্রামের মোঃ মাসুম ফকিরের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫), রংপুরের পিরগাছা থানার পূর্ব খামার গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ ফাহিম আহম্মেদ (২০), নিলফামারী সদরের চরচড়া বাড়ী গ্রামের নইফুল ইসলামের ছেলে মোঃ আঃ রাজ্জাক (২৪), গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানার রাতইল গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন (২৮) এবং রংপুর জেলার গঙ্গাচালা থানার আরাজিনিয়ামত গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মোঃ নুর ইসলাম স্বপন (৪০)।

এব্যাপারে, র‍্যাব- ৪ এর সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, কিছু সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র বর্তমান সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ, যেমন চাকুরী দেওয়ার নাম করে বিভিন্ন শ্রেণীর সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছে। প্রতারণার নব্য এই কৌশল গুলি কাজে লাগিয়ে সমাজের সহজ সরল নিরীহ কিছু লোককে প্রতারণার ফাঁদে ফেলে সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র দিন দিন তাদের প্রতারণার মাত্রা বাড়িয়ে চলেছে।

এতে ঐ সমস্ত সহজ সরল নিরীহ লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং তৈরী হচ্ছে সামাজিক অস্থিরতা।এসব সামাজিক অস্থিরতা ঠেকাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭ প্রতারককে আটক সহ ৪২ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় ৩ টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ২ টি মাউচ, ৩ টি কি-বোর্ড, ৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার, ১ সীল, ২০ টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম ও ২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়।

আটককৃতরা ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১৭ লক্ষ টাকার অধিক আত্মসাৎ করেছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর