নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে বিএনপি: আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনে পরাজয় জানতে পেরে নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রিম পথ খুঁজছে বিএনপি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মহিলা শ্রমিক লীগ আয়োজিত এ সভায় আমু আরো বলেন, সিটি নির্বাচনে বিএনপি বুঝতে পেরেছে ভোটে মাধ্যমে তাদের জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। তাই তারা প্রতিদিন এক একটা অজুহাত খুঁজছে। এক সময় বলে ইভিএমে সঠিক ভোট হবে না, অন্য সময় বলে আওয়ামী লীগ আচরণ বিধি লঙ্ঘন করছে। আবার বলছে নির্বাচনে কারচুপি হবে। এসব কথাই প্রমাণ করে তারা ভিতু। জনগণ তাদের ভোট দেবে না। তাই পরাজয় জানতে পেরেই নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রিম পথ খুঁজছে।

তিনি বলেন, বিএনপি সম্মান রক্ষার জন্য এই সমস্ত কথা বলছে। যাতে গতবারের মতো বর্জন করতে পারে। আমরা তাদেরকে অনুরোধ করবো এই সমস্ত কথা না বলে নির্বাচনে অংশগ্রহণ করতে নেমেছেন, নির্বাচনে অংশগ্রহণ করুন। সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত থাকবে। এটাই আমার চাই। আপনারা ধৈর্য ধরে নির্বাচন করুন, দেখুন আপনাদের ফলাফলটা কি আসে।

মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য আমির হোসেন আমু বলেন, নারী জাতিকে সম্মান দিয়েছেন শেখ হাসিনা। আগে বাবার নাম লেখা হতো, এখন বাবার নামের পাশে মায়ের নামও লেখা হয়। নারী জাতিকে এই সম্মান শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের বোঝাবেন। যাতে তারা নৌকা মার্কায় ভোট দেন, তাপসকে বিজয়ী করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর