পাকিস্তান সফরে ‘না’; পিএসএলে কেন ২৩ বাংলাদেশি?

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দুই দেশের বোর্ডের মাঝ কথার লড়াই চলছেই। এদিকে সফরের সময় ঘনিয়ে আসলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তো আগেই জানিয়ে দিয়েছে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই টেস্ট সিরিজ নয়। এর কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার এবং তাদের পরিবারবর্গ দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে থাকতে রাজি নয়। এই জায়গাটিতেই এবার খোঁচা দিয়েছে পিসবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পিসিবি জানতে চেয়েছে যে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়! পিএসএলের আগামী পর্বের জন্য নিলামে নাম দিয়েছিল ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার! সবসময় পাকিস্তান সফরের বিরোধিতা করা মুশফিক ছাড়া এই ২৩ মধ্যে ছিলেন, তামিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুস্তাফিজুর, মোসাদ্দেক, আল-আমিন, আমিনুল, অলক কাপালিরা। তবে একজনেরও সুযোগ হয়নি।

এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসন পাপন সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটারদের থেকে জানতে চেয়েছিলাম। আসলে ওরকম কোনো জবাব পাইনি। একেকজনের একেক কথা। তারা যা বলেছে তাতে উপসংহারে আসা যায় না। ওরা বলছে, নাম পাঠিয়েছি বলেই কি নির্বাচিত হয়ে যাব? আর নির্বাচিত হলে বিসিবির এনওসি নিতে হবে। লম্বা প্রক্রিয়া। সব প্রক্রিয়া শেষে যাব কি যাব না, বিসিবি এনওসি দেবে কি দেবে না-এ কারণে নাম দেওয়ার দরকার দিয়ে রেখেছিলাম। আগে নির্বাচিত হোক, তারপর বিসিবি এ নিয়ে ভাববে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর