সেভেন মার্ডারের বিচার হয়েছে, ত্বকী হত্যারও বিচার করুন : আইভী

কোনো এক অজানা কারণে দীর্ঘ সাত বছরেও ত্বকী হত্যার বিচার হচ্ছে না উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সেভেন মার্ডার থেকে শুরু করে সব হত্যাকাণ্ডের বিচার কার্যকর হয়েছে। একমাত্র থমকে আছে ত্বকী হত্যার বিচার। ত্বকীকে কারা হত্যা করেছে তা র‍্যাব স্পষ্ট করেছিলো। তারপরও বিচার হচ্ছে না।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আলী আহম্মেদ চুনকা নগর মিলনায়তনের সামনে ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতি মাসের ধারাবাহিক মোমশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্যে এসব ক্ষোভের কথা বলেন মেয়র আইভী।

আইভী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন মানবতায় বিশ্বাসী। তিনি কোনো অন্যায় অত্যাচার কখনও সহ্য করতেন না। রাষ্ট্র ক্ষমতায় এখন সেই জাতির জনকের কন্যা। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, এই মুজিববর্ষ উপলক্ষে ত্বকী হত্যার বিচার সম্পন্ন করে দিন, তাহলে এরকম হত্যা আর ঘটবে না।

রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার রহস্য র্যা ব উদঘাটন করেছে। র‍্যাব সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওসমান পরিবারের পৃষ্ঠপোষকতায় আজমেরী ওসমানসহ ১১জন মিলে এ হত্যা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পেলেই বিচার প্রক্রিয়া শুরু হবে। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই বিচার প্রক্রিয়া শুরু করুন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখছি, ওসমান পরিবারের নির্দেশেই ত্বকীকে হত্যা করা হয়েছে বলে র‍্যাব বের জিয়াউল হাসান জানিয়েছেন। এই ওসমান পরিবার নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, তনু, সাগর রুনি, মিঠু চঞ্চল তাদের বিচার সহ ত্বকীর বিচার আপনার শাসনআমলেই দেখতে চাই।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে মোমশিখা প্রজ্জ্বলনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মনির সুকান্ত, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আওলাদ হোসেন, শ্রমিক নেতা আবু নাহিদ বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, সমমানা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি দুলাল সাহা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের কবি হালিম আজাদ, খেলাঘর আসরের জেলা সভাপতি রথিম চক্রবর্তী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর