তাপসের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

তাপসের বিরুদ্ধে আগাম পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে অভিযোগ করেছেন তিনি।

বুধবার বিকেলে ইশরাক হোসন স্বাক্ষরিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। নির্বাচনী বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার আগে কেউ প্রচারণা চালাতে পারবেন না। ১০ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

অভিযোগের চিঠিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ আইন ভঙ্গ করে প্রচারণা শুরুর আগেই রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগায়, যা সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার প্রচার শুরু করতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়, উত্থাপিত অভিযোগ বিবেচনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের আচরণবিধি লঙ্ঘনের কারণে সিটি কর্পোরেশন নির্বাচনী আচরণ বিধিমালা-২০১৬ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সকল প্রার্থীর জন্য লেভেল প্লিইং ফিল্ড ও অবাধ সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন বলে আশাবাদী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর