কলাবাগান ক্রিড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালদ তার জামিন মঞ্জুর করে।
ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ বুধবার তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিন শফিকুলের আইনজীবী শেখ আবু সাঈদ তার জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ রায় দেন।
ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে গেল বছর ২১ সেপ্টেম্বর কলাবাগান ক্রিড়াচক্রে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা শফিকুল আলম ফিরোজকে আটক করেন। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল জানান, অভিযানের সময় শফিকুলের কাছে সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া যায়। বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের ইয়াবা পাওয়া যায়নি। এ ইয়াবায় কোনো প্রকার গন্ধ নেই। এটা নতুন আবিষ্কার।
তিনি আরও বলেন, অভিযানে একটা বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলিও জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রে তৈরি ক্যাসিনোতে খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস উদ্ধার করা হয়। কলাবাগান ক্রীড়াচক্রের যেসব জিনিসপত্র পাওয়া গেছে ধারণা করা হচ্ছে আগে এ ক্লাবে ক্যাসিনো খেলা হতো।
পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়। মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকও তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বার্তা বাজার / ডব্লিও.এস