প্রাইভেট কারের দরজার ভিতর লুকিয়ে ইয়াবা আনার সময় চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) ভোরে নগরের শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় কক্সবাজারের উখিয়া থেকে প্রাইভেট কারের দরজার ভেতর লুকিয়ে এহেসানুল্লাহ প্রকাশ তুহিন (২৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোমিনুল হাসান বলেন, কক্সবাজারের উখিয়া কোট বাজার থেকে প্রাইভেট কারের দরজার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় এহেসানুল্লাহ প্রকাশ তুহিন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং ইয়াবা সরবরাহে ব্যবহৃত প্রাইভেট কারটি (চট্টমেট্রো-গ-১১-৩৯০৪) জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতার এহেসানুল্লাহ প্রকাশ তুহিন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার দলদলিয়া এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় বসবাস করেন। এহেসানুল্লাহ প্রকাশ তুহিন এর আগেও একই কায়দায় একাধিকবার চট্টগ্রামে ইয়াবা নিয়ে এসেছিলেন। এহেসানুল্লাহ প্রকাশ তুহিন, সালাউদ্দিন প্রকাশ সবুজ ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস