সিরাজগঞ্জে প্রাণ ডেইরির পুরষ্কার পেল ১৫ খামারি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিরাপদ দুধ উৎপাদনে খামারিদের উৎসাহ দেয়ার লক্ষ্যে সেরা ১৫ খামারিকে পুরস্কৃত করেছে প্রাণ ডেইরি লিমিটেড। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনাসহ ৫টি বিষয়ের উপর ভিত্তি করে এ পুরষ্কার দেয়া হয়।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাণ ডেইরি কমপ্লেক্স চত্বরে আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সেরা খামারিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত খামারিরা হলেন, মাহতাব আলী, ইসলাম আলী, আব্দুর রশিদ, রেজাউল করিম, রুবেল হোসেন, শামসুল, আকবর আলী, মনিরুল ইসলাম আলাল, উকিল হোসেন ও মতিন সরকার, মনোরঞ্জন রায়, মিনা আক্তার, হান্নান প্রামাণিক, শ্রী মধুসূদন ঘোষ, টুটুল প্রামাণিক।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আমরা মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পন্ন হতে সব ধরণের প্রচেষ্টা চারিয়ে যাচ্ছি। ইনশাহ আল্লাহ আমরা অচিরেই দেশের পুষ্টি চাহিদা পুরণে স্বক্ষম হব।

প্রাণ ডেইরির নির্বাহী পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা, প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক ডা. আবু সৈয়দ নাসির উদ্দিন খান, শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর, বাঘাবাড়ি, পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, ও রংপুরে প্রাণ ডেইরির ৫টি হাব রয়েছে। এসব হাবের অধীনে ১০১টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র রয়েছে। এ সব দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে খামারিরা সরাসরি দুধ সরবরাহ করে থাকে। প্রাণ ডেইরির বর্তমানে ১২ হাজার চুক্তিভিত্তিক খামারি রয়েছে। এসব খামারির অধীনে ৫০ হাজার গরু রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর