বাগেরহাটের ফকিরহাটে গুলি করে টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার ভোররাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে মো. কামরুজ্জামান সোহেল (২৩), একই উপজেলার শ্যামবাগাত গ্রামের আ. সামাদের ছেলে আব্দুল হালিম (২০) মোড়েলগঞ্জ উপজেলার গাজিরহাট গ্রামের মো. সাহাবুদ্দিন শেখের ছেলে মো. ইব্রাহীম শেখ রাব্বি (২০), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ শরিফুল ইসলামের ছেলে কাইয়ুম হোসেন আকাশ (২০)।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, ২০১৯ সালের ১৩ই অক্টোবর বাগেরহাটের চুলকাঠি বাজারের মেসার্স রিয়া ষ্টোরের মালিক প্রকাশ কুন্ডু তার কর্মচারী রাধা দাশের সাথে মটর সাইকেল যোগে একটি ব্যাগে ১৩ লাখ ৭০ হাজার ৫৬ টাকা নিয়ে কাটাখালী সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকে জমা দিতে যায়।
যাওয়ার পথে ফকিরহাট উপজেলার মহিষ খামার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মটর সাইকেলের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে প্রকাশ কুন্ডুকে লক্ষ্য করে গুলি করে। এতে মটর সাইকেল চালক রাধা দাশ মারাত্মকভাবে আহত হয়। এনিয়ে পরে ফকিরহাট থানায় একটি মামলা হয়।
তিনি আরও বলেন, আমরা তদন্ত করে জানতে পারি ওই চার যুবক ছিনতাই চেষ্টার সাথে জড়িত ছিল।তাই গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট বাসস্টান্ড থেকে ওই চার যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে