আমরা চাই না যুদ্ধ শুরু হোক। কিন্তু যুদ্ধ যদি হয়, আমরা শেষ পর্যন্ত লড়াই করব বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। তিনি বলেন, আমরা ইরানে উত্তেজনা কমাতে চাই। সেখানে যুদ্ধ করতে চাই না। তবে যে কোনো পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত আছি। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।
গত শুক্রবার বাগদাদে আমেরিকার ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হন। তারপরে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মার্ক এসপার সেই ড্রোন হামলাকে সমর্থন করে বলেন, আমাদের গোয়েন্দারা খবর দিয়েছিলেন, সোলাইমানি মার্কিন নাগরিকদের ওপরে হামলার ষড়যন্ত্র করছে। সেই ছক ব্যর্থ করে দেওয়ার জন্যই ড্রোন হামলা চালানো দরকার ছিল।
সোলেমানির মৃত্যুর বদলা নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনা ক্যাম্পে এক ডজন মিসাইল ছোড়ে ইরান। এই আক্রমণে বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই হামলার পর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত পুরো ছবিটা তাদের কাছে পরিষ্কার নয়। একবার সব খবর আসার পরেই বলা সম্ভব হবে।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা নিশ্চিত যে মিসাইলগুলো ইরান থেকে ছোড়া হয়েছে। ইরাকে অবস্থিত অন্তত দুটি মার্কিন সেনা ক্যাম্পে আঘাত করেছে এই মিসাইলগুলো।
এই হামলার পরে ইরাকে থাকা অন্য ক্যাম্পগুলোর সেনাদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সেনার সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইরাকের কাছেও আবেদন জানানো হয়েছে। অবশ্য এই হামলার পরেও অবিচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সব ঠিক আছে।
২০১৮ সালের ডিসেম্বর মাসে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে এই ক্যাম্পগুলোতেই গিয়েছিলেন ট্রাম্প। এই হামলার পরে ট্রাম্প টুইট করে বলেন, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সবকিছু ভালোই আছে।
বার্তাবাজার/কে.জে.পি