কক্সবাজারে বেড়াতে গিয়ে চলন্ত বাসে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা। মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজার কলাতলি মোড়ে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বিমান বাহিনী কর্মকর্তার নাম মো. আজিজুল হুদা রানা(৫৮)। তিনি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
জানা গেছে, রাজধানীর ধানমন্ডি থেকে সোমবার রাতে রানা পরিবার নিয়ে কক্সবাজারে বেড়ানোর উদ্দেশে বাসে ওঠেন। বাসে রানার পরিবার ছাড়াও আরও তিন পরিবার ছিল। মঙ্গলবার সকালে কক্সবাজার কলাতলি মোড়ে গাড়ি থেকে সবাই নামছিলেন। এ সময় রানাকে ডাকেন স্বজনরা। এসময় বাসের সিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন রানা।
এমতাবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিন আবদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রানার মৃত্যু হয়েছে।
আজিজুল হক রানার শ্যালক শারাফাত হোসাইন বলেন, নতুন বছরে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। ভগ্নিপতি কুমিল্লায় বিরতির সময় খাবারও খেয়েছেন। সকালে দেখি তার নড়াচড়া নেই।
মঙ্গলবার বিকারে তার লাশ অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এইচ আর