৭ দিনেও উদ্ধার করা যায়নি অপহৃত প্রতিমাকে

গত ৭ দিনেও উদ্ধার করা যায়নি অপহৃত প্রতিমা রানীকে (১৭)। কুড়িগ্রামের রাজারহাটে প্রতিমা রানী (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্রী অপহরণ হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তাকে উদ্ধার কিংবা অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি এখনো।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের অমল চন্দ্র রায়ের কন্যা ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা রানীকে অজ্ঞাত এক যুবক প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে ওই কলেজছাত্রী সাড়া না দেয়ায় গত ১ জানুয়ারি সকালে প্রতিমা রানী কলেজ আসার পথে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়। সারাদিন মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়।

সুত্র আরও জানায়, অপহরণ হওয়ার ৩ দিন পর একটি মোবাইল নম্বর থেকে প্রতিমার বাবার কাছে একটি কল আসে। মোবাইলে ওই ব্যক্তি জিতু চন্দ্র রায় বলে জানিয়ে প্রতিমা রানীকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে তার পূর্ণাঙ্গ ঠিকানা না জানিয়ে লাইনটি কেটে দিয়ে বন্ধ করে রাখে। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে সোমবার রাতে কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার সহযোগিতায় মেয়ের বাবা অমলচন্দ্র বাদী হয়ে রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে অমলচন্দ্র রায় বলেন, একমাত্র মেয়ের শোকে তার মা ললিতা রানীসহ নিজে কাতর হয়ে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। তারা অসুস্থ হয়ে পড়েছেন। রাজারহাট থানার ওসি কৃষ্ণকুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা রুজু হওয়ার পর অপহরণ বার্তা বিভিন্ন থানায় প্রেরণ করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর