আমাদের দেশে অনেক ভাতাই চালু রয়েছে। কিন্তু ক্রীড়াবিদদের জন্য সরকারীভাবে কোন ভাতার ব্যবস্থা নেই। তাই আমরা খেলোয়াড়, সংগঠক ও খেলার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মাসিক ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের প্রবর্তন করবো। মঙ্গলবার তায়কোয়ান্ডোকাদের সংবর্ধনা দিতে এসে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদকজয়ীদের সংবর্ধনা দেবেন। তবে কবে নাগাদ দেবেন তা আগামীকাল (আজ) জানাবেন তিনি।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নিয়ে প্রতিমন্ত্রীর কথা, বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিন খেলবে। এর মধ্যে ফুটবল, হকি ও এ্যাথলেটিক্স বাদে বাকি ডিসিপ্লিনগুলোতে এ বছর আর জাতীয় চ্যাম্পিয়নশিপ হবে না। কারণ সেই অর্থ আমরা গেমসের মাধ্যমে তাদেরকে দেব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে প্রত্যেক জেলাকে আট লাখ টাকা করে তারা দিয়ে দিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য। তাই আমরা গেমসে তাদের জন্য কোন বাজেট রাখিনি।’ বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী বলেণ, এই অর্থ বাফুফে কিভাবে খরচ করবে, তা দেখার জন্য আমরা একটি মনিটরিং কমিটি করে দেব। তাছাড়া প্রত্যেক জেলায় অর্থ খরচের জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে কমিটিও থাকবে।
বর্তমান সরকারের এক বছর পূর্তীতে বিভিন্ন সাফল্য তুলে ধরে জাহিদ আহসান বলেন, আমরা গত এক বছরের মধ্যে এসএ গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছি। ক্রিকেটে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামন্টে জিতেছি। আরচারিতে ১০টি স্বর্ণ পেয়েছি। রোমান সানা সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেশজুড়ে ১৪০টির মতো মিনি স্টেডিয়াম তৈরি করেছি। প্রতিব›দ্বীদের জন্য স্টেডিয়াম নির্মাণ করার সিদ্ধান্তও নিয়েছি। অলিম্পিক ভিলেজ করবো সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। গেল এক বছরের মধ্যে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় করেছি। বঙ্গবন্ধু অ-১৭ চ্যাম্পিয়নশিপ করেছি। এবার বঙ্গবন্ধু আন্তঃকলেজ টুর্নামেন্টের আয়োজন করা হবে।’
বার্তাবাজার/এইচ আর