সরিষাবাড়ীতে রাস্তায় পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পাশ্বে গর্তে কুড়িয়ে পাওয়া নবজাতক আব্দুল্লাহ ওয়াহিদ আলিফকে দেখতে ও তার খোজ-খবর নিতে মঙ্গলবার দুপুরে পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিন পাড়া গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের বাড়ীতে হাজির হন সরিষাবাড়ীর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ।

এসময় তিনি নবজাতক আব্দুল্লাহ ওয়াহিদ আলিফকে কোলে নিয়ে আদর করেন। পরে তার পরিচর্চার জন্য আব্দুল জলিলের স্ত্রী ও নবজাতকের পালিতা মা পূর্নিমা বেগমের হাতে উপজেলা সমাজ কল্যাণ তহবিল হতে ১০ হাজার টাকার চেক ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য সচিব আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, রাস্তা থেকে তুলে নিজের পরিবারে ঠাই দেয়া আলহাজ্ব আবুল হোসেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও শিশু কল্যান বোর্ডের সভাপতি শিহাব উদ্দিন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। এই কথাটির বাস্তব প্রমান আজকের এই নবজাতকের পালিতা আলহাজ্ব আবুল হোসেন ও তার পরিবারটি। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুকে তিনি আপন করে তার পরিবারের একজন করে নিয়েছেন। এছাড়া অসহায় নবজাতককে তাদের পরিবারের সন্তান হিসেবে আশ্রয় দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামের ঢাকা- টাঙ্গাইল সড়কের পাশের একটি গর্ত থেকে বাচ্চাটির কান্না শুনে ঐ গ্রামেরই আলহাজ্ব আবুল হোসেন তাকে গর্ত থেকে কুড়িয়ে নিয়ে তার পুত্রবধূ পূর্নিমা বেগমের কাছে তুলে দেন। বর্তমানে শিশুটি ভালো আছে। তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ওয়াহিদ আলীফ। বাচ্চাটি পেয়ে খুশি পালিতা মা পূণিমা বেগম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর