ন্যূনতম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ছাড় নয় : গণপূর্তমন্ত্রী

মন্ত্রণালয় ও অধীন সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ন্যূনতম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের এক বছর পূর্তিতে ‘স্বপ্নযাত্রার এক বছর’ শিরোনামে মন্ত্রণালয়ের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রী বলেন, ‘নতুন বছরে মন্ত্রণালয়ের সব প্রকল্পে কাজের গতি বাড়াতে হবে, নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে এবং অকারণে চলমান উন্নয়ন প্রকল্প বিলম্বিত করা যাবে না। পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আমরা এগুতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘নিয়মের বাইরে কাউকে কোনো কিছু করতে দেয়া হবে না। কারও বিরুদ্ধে ন্যূনতম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে না। দফতরগুলোতে দুর্নীতি ও অনিয়মমুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। ভুল-ত্রুটি থাকলে আত্মশুদ্ধি করতে হবে।’

মন্ত্রণালয় ও দফতর-সংস্থার সবাইকে একটি পরিবার হয়ে ভবিষ্যতে কাজ করতে হবে জানিয়ে রেজাউল করিম বলেন, ‘তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অপ্রতিরোধ্য গতি, সেটা আমরা ধরে রাখতে পারব না। সংস্থাগুলোর কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।’

চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার সকল কার্যক্রমে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

সভায় গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে স্বচ্ছতার সাথে আগামী বছরগুলোতে প্রকল্প বাস্তবায়নে সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সভার শুরুতে মন্ত্রণালয়ের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরে আগামী বছরের পরিকল্পনা নিয়ে সবার মতামত গ্রহণ করা হয়। গৃহায়ণ সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও আওতাধীন দফতর-সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর