‘বিদেশে বসবাস করছেন ১ কোটি ২২ লাখ বাংলাদেশি’

বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় এক কোটি ২২ লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়ে গেছেন তা থেকে বিচ্যুত না হয়ে বাংলাদেশ একটি ‘ভারসাম্যপূর্ণ নীতি’ গ্রহণ করেছে।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর নাম উল্লেখ করে সাংবাদিকদের বলেন, প্রত্যেকের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। বাংলাদেশ বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বলেও এসময় মন্তব্য করেন তিনি।

এ সময় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর