‘পুলিশ আমার পেটে লাথি মারেন এবং বলেন পাকিস্তানে চলে যাও’

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লখনউয়ে বিক্ষোভ দেখানোর সময় গ্রেপ্তার হন সমাজকর্মী সাদাফ জাফর। ১৯ দিন পর, মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে যোগি আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন এই অভিনেত্রী তথা সমাজকর্মী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর লখনউয়ের পরিবর্তন চক এলাকায় চলছিল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ। তা ফেসবুকে লাইভে তুলে ধরছিলেন বিক্ষোভে অংশগ্রহণকারী সাদাফ জাফর। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, আজ জেল থেকে মুক্তি পাওয়ার পর, সে দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাদাফ। তিনি বলেন, পুলিশ আমাকে গালিগালাজ করছিল। আমাকে প্রথমে এক জন নারী পুলিশকর্মী মারেন। তারপর মারেন পুলিশের এক পুরুষ কর্মকর্তা।

ওই পুরুষ কর্মকর্তা নিজেকে ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার বলে দাবি করেছিলেন। তিনিই আমার পেটে লাথি মারেন এবং বলেন পাকিস্তানে চলে যাও।
সাদাফ জাফরের গ্রেপ্তারের ঘটনা ঝড় তুলেছিল দেশ জুড়ে। আর আজ জেলের যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তা শিউরে ওঠার মতো।

তিনি বলেন, হজরতগঞ্জ পুলিশ স্টেশনের জেল হেফাজতে থাকাকালীন কেউ আমার সঙ্গে দেখা করতে এলে তাকে আটকে রাখা হতো। মনে হতো, আমি যেন ব্ল্যাক হোলের মধ্যে রয়েছি। জেলের মধ্যে থাকাকালীন এই ঠান্ডাতেও আমাকে কম্বল বা খাবার দেওয়া হয়নি। বিক্ষোভ দেখানোর ফলে, বহু নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে যোগি আদিত্যনাথের পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর