বগুড়ার শেরপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা ঘোগাব্রীজ এলাকায় গত সোমবার সন্ধ্যায় হেরোইন উদ্ধার করতে গিয়ে বিপুল সংখ্যক ইউএস ডলার ও নগদ অর্থ উদ্ধার করেছেন। এ সময় ডলার ব্যবসায়ী কার্তিক চদ্র সরকার (৪৮) ও গাড়ি চালক ফরিদুল ইসলাম (২০) কে আটক করা হয়েছে।
জানা গেছে, জয়পুর হাট সীমান্ত থেকে বিপুল পরিমান হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া সার্কেলের কর্মকর্তারা শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) জামশেদ আলাম, র্যাব ও পুলিশ মহাসড়কের ঘোগা ব্রীজ এলাকায় অবস্থান নেয়।
এ সময় ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া গ্রামের মৃত রবিন্দ্র লাল সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার অবৈধভাবে বিপুল অংকের আমেরিকান ডলার নিয়ে গত সোমবার বিকালে একটি প্রাইভেট কারে ( ঢাকা মেট্রো-গ ২৬-০৮৫৭) ঢাকায় যাচ্ছিল।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেট কারটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগাব্রীজ এলাকায় পৌছালে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কারটিকে আটক করে। পরে কার্তিক চন্দ্র সরকারের শরীর তল্লাশী করে হেরোইনের পরিবর্তে উদ্ধার করা হয় ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার, নগদ ৫৭ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন। এসময় প্রাইভেট কারসহ চালক ফরিদুল ইসলামকেও আটক করা হয়।
শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম বলেন, উদ্ধার হওয়া ডলারের বিষয়ে কার্তিক সরকার সন্তোষজনক জবাব দিতে না পারায় তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর