কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পুষ্করিনীরপাড় এলাকার একটি বসতবাড়ীর ভেতরে অনুমোদনহীন নকল ও ভেজাল পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে একজনকে কারাদন্ড দিয়েছে কুমিল্লার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে হুমায়ুন সোপ ফ্যাক্টরী নামের ওই কারখানায় অভিযানকালে বিপুল পরিমাণ নামিদামী ব্র্যান্ডের আদলে তৈরী বিউটি সোপ, কাপড় কাচার সাবান, ওয়াশিং পাউডার, সুজি, নুডুলস, টয়লেট ক্লিনার, কোকোনাট অয়েল, চাপাতাসহ প্রায় ৪৫ ধরনের নকল ও ভেজাল পণ্য উদ্ধার করা হয়।
এ সময় মেসার্স হুমায়ুন সোপ ফ্যাক্টরীর স্বত্বাধিকারী ও পুষ্করিনীরপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সবুজ মিয়াকে (৪০) আটক করে এক বছরের সশ্রম কারাদন্ড ও একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব, স্কোয়াড কমান্ডার এএসপি মহিতুল ইসলাম, বাঙ্গরা বাজার থানার এসআই ফকরুল, চাপিতলা ইউনিয়ন পরিষদের সচিব কাজী তাজুল ইসলামসহ র্যাবের প্রায় ২০ সদস্য।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার র্যাব-১১ ও বাঙ্গরা বাজার থানা পুলিশকে সঙ্গে নিয়ে পুষ্করিনীরপাড় এলাকায় হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির ভেতরে নকল ও ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ওই কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল পণ্য উৎপাদন করে আসছিলো।
অভিযানে ওই কারখানা থেকে প্রায় ৪৫ ধরনের নকল পন্য ও উৎপাদনের মেশিন পাওয়া যায়। নকল পন্য উৎপাদন করায় কারখানা মালিক সবুজ মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার /এইচ.আর