দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির রাজধানীর বিধান সভার নির্বাচন। এক কোটি ৪৬ লাখ ভোটার আগামী ৮ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, দিল্লির ভোট সুষ্ঠু হবে। দিল্লির ৭০ আসনে ভোটগ্রহণ হবে এক দফায়।
দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য নোটিস জারি করা হবে ১৪ জানুয়ারি। ২১ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। একদিন পর হবে মনোনয়নপত্র যাছাই-বাছাই। ৮ ফেব্রুয়ারি শনিবার হবে দিল্লির ভোট গ্রহণ। এর তিনদিন পর ১১ ফেব্রুয়ারি ভোট গণনা। আশা করা যায়, ওই দিন জানা যাবে, দিল্লির বিধানসভা কাদের হবে।
সুনীল অরোরা জানিয়েছেন, দিল্লিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যে মোট বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি।
৭০ আসনের দিল্লি বিধানসভায় গত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে ৬৭ আসন জয় পেয়েছিল আম আদমি পার্টি। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস কোনও আসনই পায়নি। পরে অবশ্য আম আদমি পার্টির বিধায়ক অলকা লাম্বা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আরেক আপ বিধায়ক কপিল মিশ্র কেজরিওয়ালের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবছরও দিল্লি বিধানসভা নির্বাচনে মূল লড়াই বিজেপি এবং আম আদমি পার্টির মধ্য হবে বলে মনে করা হচ্ছে। তবে, কংগ্রেস কী পরিমাণ ভোট পায়, তার উপরে অনেকটাই নির্ভর করবে এই দুই দলের ভাগ্য।
এ বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হবে দিল্লি বিধান সভার মেয়াদ। এর আগেই নতুন সরকার গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। দিল্লিতে জাতীয় নির্বাচনের আসন ৭টি। গত বছরের লোকসভা নির্বাচনে এখানকার সব আসনই বিজেপির দখলে। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির শাসক ছিল কংগ্রেস।
বার্তাবাজার /এইচ.আর