ক্রেতা সেজে জুয়েলারি দোকানে অবস্থান, ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে রেখা জুয়েলার্সে ক্রেতা হিসেবে অবস্থান করে সুযোগ বুঝে ডিসপ্লেতে রাখা বেশ কয়েক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে মধুপুর পৌর শহরের জনবহুল সাথী রোড়স্থ রেখা জুয়েলার্সে ঘটেছে এমন ঘটনা। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

দোকানের মালিক জানান, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা হিসেবে বিভিন্ন রকমের অলংকার দেখতে থাকেন। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। অতর্কিতে দোকানে লুটপাট করতে থাকে ওই দুই ব্যক্তি। তাদের সঙ্গে যোগ দেয় গাড়ির লোকজনও। বাধা দিতে গেলে তাদের হাতে বেদম পিটুনি খায় দোকানের দুইজন।

ডিসপ্লেতে রাখা স্বর্ণালংকার লুটে ওই গাড়িতে উঠে তারা মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। লুটে নেয়া স্বর্ণালংকারের মূল্য তাৎক্ষণিক বলতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শী পাশের চালের দোকানদার শাহীন আলমসহ স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কি হচ্ছে বুঝা যায়নি। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটেছে।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও দুর্বৃত্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। চারদিকে সোর্স লাগানো হয়েছে। অভিযান সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর