পর্যায়ক্রমে পাট পণ্যের দাম কমানো হবে : পাটমন্ত্রী

পাটের পণ্যে মানুষের আগ্রহ সৃষ্টিতে দাম কমাতে সরকার ১০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাট পণ্যর স্টলের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এসব পণ্যে দাম কমানো হবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ দেশীয় ঐতিহ্যের পাট পণ্য। ঘর গোছানোর দরকারি জিনিসপত্র থেকে শুরু করে প্রায় তিন থেকে চারশ পাট পণ্যের দেখা মিলবে এসব স্টলে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্লাস্টিকের বিকল্প পাটের ব্যাগ।

বাণিজ্যমেলার একপ্রান্তে হলেও সবসময়ই ভিড় দেখা যায় পাট পণ্যের স্টলে। কৌতুহলী দর্শনার্থীদের কৌতুহল যেন আরো বেড়ে যায় প্লাস্টিকের বিকল্প পাটের পলিথিন দেখে। স্টলগুলোতে দেখা যাবে পাটের প্রলেপ দিয়ে তৈরি ঢেউ টিন, হাডবোর্ড এবং নানার ডিজাইনের ট্রে।

সৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে উদ্যোক্তারা তৈরি করেছেন ঘর সাজানোর ওয়ালেট, হাল ফ্যাশনের জুতা, নানান রঙের ব্যাগ কিংবা বাহারি ডিজাইনের শো-পিস।

একে তো দেশীয় ঐতিহ্য অন্যদিকে পরিবেশ বান্ধব আর রুচিসম্মত হওয়ায় এসব পণ্য কিনতে তরুণ প্রজন্মের ভিড় ছিলো চোখে পড়ার মতো। সরকারি সহায়তা পেলে সোনালী আঁশ পাট পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর