জমে উঠতে শুরু করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতের একচ্ছত্র আধিপত্যে হানা দেয়ার পথে রয়েছে অস্ট্রেলিয়া। দুই দলই ইতোমধ্যে জিতেছে ৭টি করে ম্যাচ। তবে বেশি সিরিজ জেতায় পূর্ণ ৩৬০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রয়েছে ভারত। তারপরেই অবস্থান ৩৬০’র মধ্যে ২৯৬ পাওয়া অস্ট্রেলিয়ার।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। যেখানে বিরাট কোহলির দল খেলবে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। যা অতি অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যার ফলে চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখলের লড়াইও বলা চলে সেই সিরিজটিকে।
তবে তার আগে আরেকটি টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। জুন-জুলাই মাসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ানরা। এটিও টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। ভারতের বিপক্ষে শীর্ষত্বের লড়াইয়ে নামার আগে তাই বাংলাদেশ সফরটিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন।
সবশেষ সফরে বাংলাদেশের সাথে ১-১ এ টেস্ট সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে টেস্ট পরাজয়ের কারণে সেবার তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অস্ট্রেলিয়া দলকে। তাই সময় হাতে রেখেই এবারের বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে অজিরা।
সংবাদ সম্মেলনে আজ পেইন বলেন, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য বাংলাদেশ এবং আপনি এই সিরিজকে সহজভাবে নিতে পারবেন না। আমরা আগেও সেখানে সফর করেছি, একটি টেস্ট জিতেছি এবং একটি হেরেছি। বাংলাদেশে সফর করা অনেকেরই কাছেই শুনেছি, আমরা যখন যাচ্ছি, বছরের এই সময়টায় বাংলাদেশে খেলা অনেক অনেক চ্যালেঞ্জিং।’
বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে জয় পেলে বাড়তি আত্মবিশ্বাস থাকবে ভারতের বিপক্ষে। এই বাড়তি আত্মবিশ্বাসের জন্যই দীর্ঘসময় আগে থেকেই ছক কষা শুরু করেছে অস্ট্রালিয়া ক্রিকেট বোর্ড। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কতটা মরিয়া অজিরা, তা প্রকাশ পেয়েছে তাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে।
পেইন জানান, ‘আমরা যদি বাংলাদেশে যাই এবং সেখানে ভালো খেলে জিতে আসতে পারি, তাহলে ভারতের বিপক্ষে সিরিজটাও সহজ হবে। সে সিরিজটা এরই মধ্যে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। যার ফলে এখনও অনেক সময় থাকা সত্ত্বেও, এটির ওপর থেকে মনোযোগ সরানো যায় না। বোর্ডে এমন কিছু মানুষ আছেন, যারা এরই মধ্যে ভারত সিরিজ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।’
বার্তাবাজার/কেএ