ধর্ষকের গ্রেফতারে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অপরাধীকে গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলায় ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে ব্যানার নিয়ে মানববন্ধন করেন এবং সড়ক অবরোধ করে অবস্থান নেন। ঘটনাস্থলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে শুয়ে পড়েন। ধর্ষণের ঘটনায় প্রতিবাদ এবং ধর্ষককে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’—এমন স্লোগান দেন। পরে তারা অপরাধীকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে না হলে তারা আবারও ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করবেন বলে জানান।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। সহপাঠীদের খবর দিলে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রোববার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়।

পরে ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানও ওই ছাত্রীকে দেখতে গিয়ে তার চিকিৎসাসহ আইনানুগ সব ধরনের সহায়তা প্রদানে ঢাবি কর্তৃপক্ষ পাশে থাকবে বলে ঘোষণা দেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর