চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন উপলক্ষে ইসি’র মতবিনিময় সভা

চট্টগ্রাম-৮ আসন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অবঃ)।

সোমবার (৬ জানুয়ারী) বিকেলে সার্কিট হাউসে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মত বিনিময় সভায় তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনরূপ জালিয়াতি, হয়রানি ছাড়া ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন এজন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হচ্ছে। এছাড়া যেকোন ধরণের দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়া হবে।”

ইভিএম পদ্ধতিতে ভোট দানের ব্যাপারে তিনি বলেন, অত্র- ৮ আসনে ১৭০ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম নিয়ে ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আসনের ৫৩ টি স্পটে ইভিএম প্রদর্শন সহ নানামুখী প্রচার প্রচারণা চালানো কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নির্বাচনের দুই দিন আগে ১১ জানুয়ারি মক ভোটিং অনুষ্ঠিত হবে। মক ভোটিংয়ের মাধ্যমে ভোটাররা ইভিএম প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুগ্ম পরিচালক মোহাম্মদ শরিফ উল আলম, সিটি এসবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ, অতিরিক্তি পুলিশ সুপার সদর মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, র‌্যাব-৭ এএসপি মোহাম্মদ খায়রুল ইসলাম, ডিজিএফআই উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান সহ সংশ্লিষ্ট থানার ওসি সহ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর