মেরামত করার সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নদীর দক্ষিণ পাড়স্থ ইছানগর এলাকায় ডকইয়ার্ডে মেরামতের কাজ করার সময় ‘এলসিটি কাজল’ নামের যাত্রী পরিবহনকারী জাহাজটিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জেটিতে জাহাজটির মেরামত কাজ চলছিল। মেরামতকালীন সময়ে হঠাৎ জাহাজে অগ্নিকান্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি ঘটনাস্থলে ছুটে যায় এবং বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কেহ হতাহত হয়নি।”
আগুন লাগার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে এখনো কোন কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান জসিম উদ্দিন। তদন্ত শেষে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলেছেন জসিম উদ্দিন।
বার্তাবাজার/ডব্লিও.এস