বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল, জিম্বাবুয়ে সিরিজ ফেব্রুয়ারিতে

সংবাদমাধ্যমে পিসিবি কর্তাদের অনেক আস্ফালন শোনা যাচ্ছে। পাকিস্তানের প্রচার মাধ্যমসহ দেশটির সাবেক ক্রিকেটাররাও তাদের মত করেই কথা বলছেন। কথা শুনে মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্য করণীয় কাজই হলো তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়া এবং তা না করলে রীতিমত ‘মহাভারত অশুদ্ধ’ হয়ে যাবে।

বিভিন্ন বার্তাসংস্থাগুলোও পিসিবি কর্তা ও সাবেক ক্রিকেটারদের একতরফা কথাবার্তা ফলাও করে প্রচার করছে। তবে বিসিবিও আবার কোনোভাবেই পাকিস্তানিদের ঐ দাবি মানবে না, নিজ অবস্থান থেকে একচুলও নড়বে না। অর্থাৎ টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ একসঙ্গে খেলতে পাকিস্তান যাবে না।

সে কথা জানিয়ে দেয়ার পরও পিসিবির তা বোধগম্য হচ্ছে না। ভেতরে ভেতরে বাংলাদেশ যে পাকিস্তান সফরে যাওয়ার চিন্তা থেকে সরে অন্য কিছু করার কথা ভাবছে, পিসিবির কর্তারা হয়ত তা জানেনও না। ভেতরের খবর, সেটাই সত্য।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্রমতে, ‘পাকিস্তান সফর বাতিলই বলা যায়। আমরা কোনভাবেই টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে টেস্ট খেলতে পাকিস্তানে দল পাঠাবো না। বিসিবি এ চিন্তায় অনেকদূর এগিয়েও গেছে। তাই আগামী মাসে (ফেব্রুয়ারিতে) জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হচ্ছে।’

যদিও বিসিবি থেকে সরাসরি এখনো পাকিস্তান সফর বাতিলের ঘোষনা আসেনি। বিসিবি কর্তারাও সরাসরি বলছেন না যে পাকিস্তান সফর বাতিল বলেই ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজনের চিন্তা।

তাদের কথা, যেহেতু মার্চের তৃতীয় সপ্তাহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ- তাই মার্চে জিম্বাবুয়ের সাথে সিরিজ না করে ফেব্রুয়ারিতে আয়োজনের কথা ভাবা হচ্ছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর